প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৪:৪৬ পিএম

মাদারীপুরের শিবচরে ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত একাধিক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে লুণ্ঠিত একটি ইজিবাইক ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলার শিরুয়াইল বাজার থেকে নয়াবাজারগামী একটি লাল রঙের ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহনের সময় শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ এলাকায় পৌঁছালে ৩–৪ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত ইজিবাইকটি থামায়। এ সময় তারা চালক মো. সাব্বির ফরাজী ও এক যাত্রীকে মারধর করে হাত-পা বেঁধে পাশের একটি ক্ষেতে ফেলে রেখে ইজিবাইক ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় সাব্বির ফরাজী শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। ঘটনার পরপরই বিষয়টি পুলিশের নজরে আসে।
শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার এর নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করে অভিযান শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী চক্রের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে শিবচর থানা পুলিশ ঢাকা, ফরিদপুর ও শিবচরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে।
শিবচর থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/ এমএস