রাকিব-খাদিজা-তানজিল প্যানেলকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার বিদ্রোহী প্রার্থীদের
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৫:৫৪ পিএম আপডেট: ১৮.১১.২০২৫ ৫:৫৬ PM

রাকিব-খাদিজা-তানজিল প্যানেলকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার বিদ্রোহী প্রার্থীদের
গতকাল সোমবার (১৭ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ এবং শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত “ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান” প্যানেল ঘোষণা করেন। এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মোহাম্মদ রাকিব (এ কে এম রাকিব), সাধারণ সম্পাদক পদে খাদিজাতুল কোবরা এবং সহ-সাধারণ সম্পাদক পদে শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য বিএম আতিকুর রহমান তানজিল নির্বাচন করবেন।
প্যানেল ঘোষণার পর মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের ত্যাগী কর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। পরবর্তীতে ছাত্রদলের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের আলোচনা হয় এবং তাদের ভবিষ্যতে মূল্যায়নের আশ্বাস দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে আজ ভাষা শহীদ রফিক ভবনের নিচে সংবাদ সম্মেলন করে রাকিব–খাদিজা–তানজিল পরিষদকে সমর্থন জানিয়ে বিদ্রোহী প্রার্থীরা তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “জকসু নির্বাচনে আমাদের ত্যাগী অনেক নেতা-কর্মীর যথার্থ মূল্যায়ন করা সম্ভব হয়নি। ২১টি পদের বিপরীতে অনেক ত্যাগী ছাত্রনেতা আছেন, সবাইকে সুযোগ দেওয়া যায়নি। তবে আগামী দিনে তাদের বিশেষভাবে মূল্যায়ন করা হবে। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
“ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান” প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে অর্ঘ্য শ্রেষ্ঠ দাস প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব লড়বেন।
প্যানেলের নির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম এবং মো. আরিফুল ইসলাম আরিফ।
আরও একজন নির্বাহী সদস্যের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়েছে।