প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮:৫৫ AM

সংগৃহীত ছবি
জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে জরুরি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে দেশের গণমাধ্যমগুলোকে অনুরোধ করা হয়েছে, দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার বা প্রচার না করার জন্য।
সোমবার (১৭ নভেম্বর) দেশের গণমাধ্যমগুলোর জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনসিএসএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার করছে। প্রচারিত এসব বক্তব্যে সামাজিক স্থিতিশীলতা (সোশ্যাল হারমনি) বিঘ্নিত করার পাশাপাশি সরাসরি সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপ সৃষ্টির আহ্বান বা নির্দেশনা রয়েছে।
এতে আরও বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামিদের বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর নিয়মাবলির পরিপন্থী। বিশেষত, অধ্যাদেশের ধারা ৮(২) অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিজিটাল বা ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্য, যেগুলো দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করে, জাতিগত বা ধর্মীয় বিদ্বেষ ছড়ায় কিংবা সহিংসতার আহ্বান জানায়, সেসব তথ্য অপসারণ বা ব্লক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। আরও স্পষ্টভাবে, অধ্যাদেশের ধারা ২৬ (১) অনুযায়ী, “ছদ্ম পরিচয়” বা অবৈধ প্রবেশের মাধ্যমে যদি কেউ ঘৃণা, জাতিগত বিদ্বেষ বা সহিংসতা প্ররোচনাকারী বক্তব্য প্রকাশ বা প্রচার করেন, তা অপরাধ এবং দণ্ডনীয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ধারা ২৬ (২) অনুযায়ী, এসব অপরাধীদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, সর্বোচ্চ দশ লক্ষ টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। তাই দণ্ডপ্রাপ্ত আসামিদের সঙ্গে সংযুক্ত কোনো সহিংস, বিশৃঙ্খলাপূর্ণ, অপরাধমূলক, উসকানিমূলক বা আহ্বানমূলক বিবৃতি প্রচার থেকে বিরত থাকতে এবং আইনি দায়বদ্ধতা মাথায় রাখতে এনসিএসএ গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ