| শিরোনাম: |

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই রায়কে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন শেখ হাসিনা, যা সংবাদ সংস্থা এএফপির মাধ্যমে প্রকাশিত হয়েছে।
শেখ হাসিনা বলেছেন, তার বিরুদ্ধে দেওয়া রায়গুলো একটি অনির্বাচিত সরকারের পরিচালিত, গণতান্ত্রিক ম্যান্ডেটহীন কারচুপিপূর্ণ ট্রাইব্যুনাল থেকে এসেছে।
তিনি আরও বলেন, এই রায়গুলো পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। হাসিনা যোগ করেন, যেখানে প্রমাণের ন্যায্যতা যাচাই করা সম্ভব, সেই ধরনের উপযুক্ত ট্রাইব্যুনালে তিনি অভিযুক্তদের মুখোমুখি হতে ভীত নন।
এর আগে সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক মামলায় ফাঁসির আদেশ দেয় এবং অন্য মামলায় আমৃত্যু কারাদণ্ড দেন। মামলার অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসির দণ্ড দেয়া হয়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সহায়তা করার কারণে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ