প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩:০৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষক মামা তন্ময় বাকালি ওরফে তনুর (১৭) বিরুদ্ধে শিশুর বাবা মির্জাপুর থানায় মামলা করেছেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে শিশুটিকে দোকান থেকে চকলেট কিনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে পাশের জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে তনু। এতে শিশুটির রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে ধারণা করা হয় তার পিরিয়ড হয়েছে। পরে বিষয়্টি জানতে পেরে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হলেও তার অবস্থার অবনতি হয়। এরপর তাকে জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হলে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বৃহস্পতিবার সেখানে তার অপারেশন করা হয়। বর্তমানে শিশু টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুটির বাবা জানান, প্রতিবেশী মামা সম্পর্কে তন্ময় বাকালি ওরফে তনু তার মেয়েকে দোকানে নিয়ে চকলেট কিনে দিয়ে ফুসলিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ৭ নভেম্বর তন্ময় বাকালি ওরফে তনুকে আসামী করে মির্জাপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন তিনি। ঘটনার পর থেকে আসামী তনু পলাতক রয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাড়ির উপ পরিদর্শক (এস আই) কবিরুল ইসলাম সাংবাদিকদের জানান, মেয়েটির বাবা তনু নামে একজনকে আসামী করে মামলা করেছেন। মেয়েটি এখন টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অভিযুক্ত আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।
স্বদেশ প্রতিদিন/ এমএস