প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২:৪০ পিএম

ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও গাড়িতে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে ঘটনাটি নিশ্চিত করেন জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম। এর আগে ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্থানীয়দের বর্ণনা অনুযায়ী দুইজন ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে পিকআপটিতে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর মধ্যে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আবু সায়েম মাসুম জানান, স্থানীয়দের তৎপরতার কারণে মূল আগুন বড় ধরনের ক্ষয়ক্ষতির আগে নিয়ন্ত্রণে আসে। তবে পিকআপটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে