প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১২:৫১ পিএম

সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ পুরোপুরি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরামের সমাবেশে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, দেশে ধর্ম বা জাতিগত বিভাজন থাকবে না, সবাই সমান অধিকার ভোগ করবে। জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে এর আইনি ভিত্তি তৈরি হয়েছে, আর বিএনপি এই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।
দেশের একটি রাজনৈতিক দল ধর্মের নামে ব্যবসা করছে অভিযোগ করে তিনি বলেন, তারা নারীর কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলে, যা বাস্তবে নারীদের কর্মসংস্থান কমিয়ে দেবে। এমন প্রস্তাবের উদ্দেশ্য ভালো নয় বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, নারীদের রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত হলে তারা আরও এগিয়ে যেতে পারবে। বিএনপির ৩১ দফা নারীর নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিত করবে।
একই দিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন হবে। সংবিধান সংশোধনে গণভোট নয়, সংসদ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।