প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২:১৩ AM

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া এলাকায় মাদক ও অপরাধ থেকে যুব সমাজকে দূরে রাখতে গড়ে উঠেছে ‘আবু সায়েম প্রধান ফুটবল একাডেমি’।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে দেখা যায়, বিভিন্ন দলে বিভক্ত হয়ে শিশু ও যুবকেরা সুচারুভাবে ফুটবলের নানা কৌশল অনুশীলন করছেন। প্রতিটি দলের সঙ্গে রয়েছেন একজন করে কোচ, যিনি খেলোয়াড়দের প্রশিক্ষণ দিচ্ছেন।
জিজ্ঞেস করতেই জানা যায়, এলাকায় গড়ে ওঠা এই একাডেমিই তাদের নিয়মিত অনুশীলনের কেন্দ্র।
এলাকাবাসীর সহযোগিতায় তরুণদের নিয়ে এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় তরুণ ও স্বেচ্ছাসেবক আবু সায়েম প্রধান, যিনি বর্তমানে যুক্তরাজ্যে ব্যারিস্টারি নিয়ে পড়াশোনা করছেন।
স্থানীয় শিশু-কিশোর ও যুবকেরা একাডেমির মাধ্যমে নিয়মিত ফুটবল প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ ও খেলার সরঞ্জাম বিনামূল্যে পাওয়ায় তারা বেশ উৎসাহী। খেলোয়াড়রা জানিয়েছেন, তারা চান এই একাডেমি আরও বড় আকারে গড়ে উঠুক, যাতে এলাকার আরও তরুণরা খেলাধুলায় যুক্ত হতে পারে।
দণ্ডপাল ইউনিয়নের বাসিন্দা মো. লালল বলেন, “বর্তমানে অনেক যুবক মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। খেলাধুলার মাধ্যমে তারা যদি সঠিক পথে ফিরে আসে, তবে সমাজে শান্তি ফিরবে। সায়েমের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।”
উপজেলার সোনাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম বলেন, “শিক্ষার্থীদের কেউ কেউ অসৎ সঙ্গের কারণে বিপথে চলে যায়। খেলাধুলা ও সৃজনশীল বিনোদন তাদের সুন্দর জীবনের পথে ফিরিয়ে আনতে পারে। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।”
একাডেমির প্রতিষ্ঠাতা আবু সায়েম প্রধান বলেন, “আমাদের লক্ষ্য মাদকমুক্ত, সুশৃঙ্খল এক প্রজন্ম গড়ে তোলা। আমি চাই তরুণরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে জাতি গঠনে ভূমিকা রাখুক। ইতিমধ্যে সমাজের সচেতন মানুষরা আমাদের উৎসাহ দিচ্ছেন। এখন প্রয়োজন সবার আন্তরিক সহযোগিতা— তাহলেই এই মহৎ উদ্দেশ্য সফল হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ