| শিরোনাম: |

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
চালক সাত্তার জানান, তিনি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফিয়ে বের হন। তখন চারজন লোককে দুইটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। তারা হেলমেট পরা অবস্থায় ফাঁকা মাঠে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এতে সাত্তার পায়ে আঘাত পান।
বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, “আমার একমাত্র জীবিকার মাধ্যম ছিল এই বাসটি। কে বা কারা আগুন দিয়েছে, জানি না। আমি সরকারের কাছে ক্ষতিপূরণ চাই।”
আশুলিয়া থানার ওসি (তদন্ত) আজগর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ