প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:০১ পিএম

সংগৃহীত ছবি
বলিউডের জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
প্রসঙ্গত গত ১০ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। তার অসুস্থতার খবরটি দ্রুত বলিউড পাড়া থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছিল। এর মধ্যেই তার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়লে তা আরও বেশি বিচলিত করে তোলে ভক্তদের।
পরবর্তীতে ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে দ্রুত এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করা হয়।
তবে ধর্মেন্দ্রর টিমের পক্ষ থেকে ভারতীয় গণমাধ্যমকে জানানো হয়েছে, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার শারীরিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। চিকিৎসকের কড়া পরামর্শ অনুযায়ী আপাতত নিজ বাসভবনেই থাকবেন তিনি। সেখানেই চলবে তার প্রয়োজনীয় সকল চিকিৎসা।
উল্লেখ্য, ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের নসরালি গ্রামে জন্ম ধর্মেন্দ্রর। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি বেশ আগ্রহ ছিল তার। পরিবারের দায়িত্ব সামলাতে তরুণ বয়সেই ভারতীয় রেলে কেরানির পদে চাকরি নেন। ওই সময় তার বয়স ছিল মাত্র ১৯ বছর। এক সময় ধর্মেন্দ্র বুঝতে পারেন, রেলের চাকরিতে তার মন টিকছে না। জায়গা করে নেন ক্যামেরার সামনে। তারপর স্বপ্ন পূরণের আশায় পাড়ি জমান মুম্বাইয়ে। সেখানেও ভাগ্যকে সহজে লক্ষ্যে নিতে পারছিলেন না। ধারাবাহিকভাবে অডিশন দিতে থাকেন। ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরা’ সিনেমায় সুযোগ পান।
এ অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে ‘শোলে’, ‘ছুপকে ছুপকে’, ‘ধরমবীর’, ‘ফুল অউর পাথর’, ‘সত্যকাম’, ‘রাজা জানি’, ‘রাখওয়ালা’র মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।
এদিকে নিজেদের প্রিয় অভিনেতার সুস্থতায় বেশ আনন্দ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভ কামনা জানাচ্ছেন তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা।