প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩:২৫ পিএম আপডেট: ১২.১১.২০২৫ ৩:২৭ PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের বিশাল এক কাতলা মাছ। নিলামে মাছটির দাম উঠেছে ৫৩ হাজার ২০০ টাকা।
বুধবার (১২ নভেম্বর) ভোরে পদ্মা নদীর চরকর্ণেশনা এলাকার চর মজলিসপুর পয়েন্টে জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, কৃষ্ণ হালদার ও তার সঙ্গীরা ভোর রাতে চর মজলিসপুর এলাকায় জাল ফেললে তাতে ১৯ কেজি ওজনের বড় কাতলা মাছটি আটকা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য স্থানীয় চকু মোল্লার আড়তে তুললে উন্মুক্ত নিলামে কেজিপ্রতি ২ হাজার ৮০০ টাকা দরে মোট ৫৩ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, “পদ্মার বড় কাতলা মাছের দারুণ চাহিদা রয়েছে। এজন্য বেশি দাম দিয়ে কিনেছি। এখন সামান্য লাভে বিক্রি করব।”
তিনি আরও জানান, সাধারণত এত দাম দিয়ে বড় মাছগুলো প্রবাসী ক্রেতারা তাদের পরিবারের জন্য কিনে থাকেন। এছাড়া ঢাকার বড় ব্যবসায়ী, শিল্পপতি কিংবা হাইপ্রোফাইল ব্যক্তিরাও সরাসরি বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে এসব মাছ ক্রয় করে থাকেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, “পদ্মা নদীর পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এতে জেলেরা ভালো দাম পাচ্ছেন ও লাভবান হচ্ছেন।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে