প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:৩০ পিএম

গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, “একটা দলের নেতারা দিনের বেলায় বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন, আর রাতের বেলায় বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেন। আসন নিশ্চিত হলে তথাকথিত আপসহীন নেতাদেরও বিক্রি হতে সমস্যা নেই।”
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।
আব্দুল কাদের লিখেছেন, “মিডিয়ায় গলাবাজি করা ওই তথাকথিত আপসহীন নেতা এবং তার ইমাম গত ১৫ দিনে ২০টি আসনের জন্য বিএনপি নেতা সালাহউদ্দিনের বাসায় তিনবার মিটিং করেছেন, আর মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্ণা দিয়েছেন একবার।”
তিনি আরও বলেন, “আসন সমঝোতায় বেটার নেগোসিয়েশনের কৌশল হিসেবে এসব উল্টাপাল্টা বক্তব্য দেওয়া হচ্ছে। গণ-অভ্যুত্থানের পর আশা ছিল পুরোনো রাজনৈতিক দলগুলো তরুণদের জায়গা দেবে, কিন্তু এখন দেখা যাচ্ছে, ইমামরাই বসে আছেন ২০টা সিটের জন্য! মিডিয়ায় গালিগালাজ করেন, আবার রাতে গিয়ে বসে থাকেন—তবুও আসন মেলে না।”
স্ট্যাটাসে কাদের আরও লেখেন, “বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেইল করে, অন্যদিকে মাইনাসের রাজনীতি চালায়। দলের ভেতর গুটিকয়েক মানুষ ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। মনোভাব এমন যে নিজের আসনসহ চাহিত আসন নিশ্চিত হলেই তথাকথিত আপসহীন নেতাদের বিক্রি হতে কোনো সমস্যা নেই।”
তিনি অভিযোগ করেন, “যারা তাদের অপরাজনীতির শিকার হয়ে স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চান, তাদের বিরুদ্ধে ‘স্বপ্ন বিক্রির’ অপবাদ দেওয়া হয়। দলের ক্ষমতা কুক্ষিগত, মাইনাসের রাজনীতি আর কোরামবাজির এই অবস্থা চলতে থাকলে বাকিদেরও একসময় ঘুম ভাঙবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে