প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৩:০৫ পিএম

সংগৃহীত ছবি
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার উপরের সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও তিন মাস ছয়দিনের জন্য বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, ১২ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এটি বলবৎ থাকবে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ দুই মাস (৬০ দিন) বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে আজ মঙ্গলবার।
এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথমে সেনাবাহিনীর কমিশনড অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছিল। পরে ৩০ সেপ্টেম্বর প্রজ্ঞাপন সংশোধন করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনড অফিসারদের মধ্যে সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের এই ক্ষমতা প্রদান করা হয়। অর্থাৎ শুধুমাত্র সেনাবাহিনী নয়, বিমান ও নৌবাহিনীর কমিশনড অফিসারদেরও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। তখন ৬০ দিনের জন্য ক্ষমতা প্রদান করা হয়েছিল, যা নভেম্বরের মাঝামাঝি শেষ হয়। পরবর্তীতে এই ক্ষমতার মেয়াদ দফায় দফায় বাড়ানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ