প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১০:৪৫ AM

সংগৃহীত ছবি
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও এর প্রভাবের মধ্যে রয়েছে। বিশেষ করে শীতকালে দূষিত শহরের তালিকায় প্রায় প্রতিদিনই ঢাকার নাম শীর্ষ তিনে থাকে। গতকালের মতো আজও বিশ্বের বায়ুদূষণের তালিকায় ঢাকা তৃতীয় স্থানে অবস্থান করছে। বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে মূল্যায়িত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৮টা ৪৩ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ২২১ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ ছাড়া স্কোর ৭৩৬ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। ৪৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ২০৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে উজবেকিস্তানের তাশখন্দ।
তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকার বায়ুদূষণ ধারাবাহিকভাবে উদ্বেগজনক। বায়ুদূষণের বিভিন্ন উৎসের মধ্যে সম্প্রতি নির্মাণ কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবন বা অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় মানদণ্ড মানা হচ্ছে না, এবং সরকারি ও বেসরকারি সব উন্নয়ন কাজ উন্মুক্তভাবে করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ