প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:০৫ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পাবনা জেলা বিএনপি।
রবিবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় শিমুল বিশ্বাস বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল গণতন্ত্র ও জাতীয় স্বাধীনতার প্রতীক। বিপ্লব ও সংহতি দিবসের চেতনা হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা।”
তিনি জানান, ৭ই নভেম্বরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান আগামী ১০ নভেম্বর (সোমবার) বেলা ১১টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
আসন্ন কর্মসূচি প্রসঙ্গে শিমুল বিশ্বাস আরও বলেন, “পাবনার পাঁচটি আসনের মধ্যে চারটিতে ধানের শীষ প্রতীকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই চার প্রার্থীসহ জেলা ও উপজেলা নেতাকর্মীরা সোমবারের শোডাউনে অংশ নেবেন। জনগণের সমর্থনই বিএনপির আসল শক্তি।”
তিনি শহরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সোমবারের সমাবেশের সময় যাদের বিশেষ প্রয়োজন নেই, তারা অনুগ্রহ করে ওই সময়ে শহরে না এসে আমাদের কর্মসূচিতে সহযোগিতা করবেন। এতে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত।”
মতবিনিময় সভায় বিএনপি নেতারা স্থানীয় ও জাতীয় গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সংবাদকর্মীদের নিরপেক্ষ ভূমিকা গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করে।
সভা শেষে ধানের শীষের বিজয় ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশায় মোনাজাত করা হয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে