প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৪:০৮ পিএম

মিজ আফরোজা আখতার
সাতক্ষীরার প্রশাসনিক ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রথমবারের মতো এ জেলায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন একজন নারী কর্মকর্তা মিজ আফরোজা আখতার।
গতকাল শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে তাকে সাতক্ষীরার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মিজ আফরোজা আখতার বর্তমান জেলা প্রশাসক মোস্তাক আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। এ পর্যন্ত সাতক্ষীরায় ৭১ জন জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন, তবে তাদের সবাই ছিলেন পুরুষ। ফলে নারী হিসেবে তার এই নিয়োগ জেলাবাসীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছে।
সাতক্ষীরা জেলার প্রশাসনিক যাত্রা শুরু হয় ১৮৫২ সালে, যশোর জেলার চতুর্থ মহকুমা হিসেবে। তখন সদর দপ্তর ছিল কলারোয়ায়, এবং প্রথম মহকুমা কর্মকর্তা ছিলেন নবাব আব্দুল লতিফ। পরে ১৮৬১ সালে সদর দপ্তর স্থানান্তরিত হয় সাতঘরিয়া গ্রামে, যা থেকেই পরবর্তীতে ‘সাতক্ষীরা’ নামটির উৎপত্তি।
প্রায় দেড়শ বছরের এই দীর্ঘ ইতিহাসে মিজ আফরোজা আখতারের দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার প্রশাসনে নারী নেতৃত্বের এক নতুন অধ্যায় রচনা করেছে।