প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৫:১৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ছাত্রশিবির পরপর চারটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট লাভ করেছে। তিনি বলেন, এটি প্রমাণ করে যে, ছাত্রশিবির শুধুমাত্র একটি সংগঠন নয়, বরং সমগ্র দেশের ছাত্র-সমাজকে প্রতিনিধিত্ব করছে।
শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল বন্ধ হয়েছে, গাঁজা-মদের আড্ডা বন্ধ হয়েছে এবং ডালের ঘনত্ব বেড়েছে।”
ড. তাহের বলেন, তরুণ ছাত্র-ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে চার কোটি তরুণ ছাত্র সমাজ ধারাবাহিকভাবে দেশের পজেটিভ পরিবর্তনের জন্য আদর্শবাদী দলগুলোর বিজয় নিশ্চিত করবে।
ছাত্র সংসদ নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, “জুলাই বিপ্লব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। সারাদেশ তাদের সঙ্গে ছিল। আপনারা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছেন, তবে সংগ্রাম শেষ হয়নি। এই সংগ্রামের মাধ্যমে দেশের দুর্নীতিকে দূর করতে হবে এবং এ লড়াইয়ে ছাত্র সংসদের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে