প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৪:১৯ পিএম

বিমানবন্দরের পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল চুরি করায় এক আনসার সদস্যের বিরুদ্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। বাহিনীর মহাপরিচালকের নির্দেশে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে অভিযুক্ত ওই সদস্যকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
গত ৫ নভেম্বর রাতে নাইট শিফটে (রাত ১০টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা ৩০ মিনিট) দায়িত্ব পালনকালে অভিযুক্ত আনসার সদস্য জেনারুল ইসলাম লোভের বশবর্তী হয়ে ‘ব্যক্তিগত প্রয়োজনের কথা’ বলে পোড়া ভবনের ভেতরে ভস্মীভূত দ্রব্যাদি থেকে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টা করেন, এবং এ সময় তাকে ঘটনাস্থলেই হাতেনাতে ধরে ফেলা হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে এবং বাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে, সংশ্লিষ্ট আনসার সদস্যকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে।
উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এত দ্রুততম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের অনৈতিক চর্চার ক্ষেত্রগুলো হ্রাস করার দৃষ্টান্ত স্থাপন করা হলো।’
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় অক্ষত স্ট্রংরুমের ভল্ট থেকে সাতটি আগ্নেয়াস্ত্রও চুরি হয়েছিল, যা ২ নভেম্বর দুপুরে নিয়মিত পরিদর্শনের সময় ধরা পড়ে।
স্বদেশ প্রতিদিন/ এমএস