প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৩:১৪ পিএম

সংগৃহীত ছবি
মৃত্যুর সাড়ে ১৫ বছর পর যেন আবার আলোয় ফিরে এসেছেন সঙ্গীতজগতের অদম্য আইকন মাইকেল জ্যাকসন। ‘কিং অব পপ’ হিসেবে খ্যাত এই মার্কিন তারকার জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’–এর প্রথম টিজার অনলাইনে উন্মুক্ত হয়েছে। কয়েক সেকেন্ডের সেই ঝলকেই ফুটে উঠেছে তাঁর চিরচেনা নাচের স্টাইল, মঞ্চ কাঁপানো উপস্থিতি আর আবেগময় মুহূর্তগুলো। টিজার দেখেই ভক্তরা অনুভব করছেন— যেন আবারও জীবন্ত হয়ে উঠেছেন তাঁদের প্রিয় কিংবদন্তি শিল্পী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে লায়নসগেট মুভিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘মাইকেল’র টিজার। ১ মিনিট ১২ সেকেন্ডের টিজারেই চমকে যান মাইকেল প্রেমীরা।
সিনেমায় যেন অবিকল মাইকেল জ্যাকসনকেই খুঁজে পেলেন সিনেপ্রেমীরা। আর এ চমক সম্ভব হয়েছে অভিনেতা জাফার জ্যাকসনের জাদুতে।
জানা যায়, বিগ বাজেটের সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন গায়কেরই ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। যে কারণে জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও প্রতিটি স্টেপে জীবন্ত হয়ে উঠেছেন মাইকেল।
অল্প সময়ের টিজারেই মিললো গায়কের ছোটবেলা, বেড়ে ওঠা, গানের জগতে আসা আর জয় করা কোটি ভক্তের হৃদয়ের মুহূর্ত। নানা নাটকীয়তায় ভরপুর বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া।
চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান। কেন্দ্রীয় চরিত্র জাফার ছাড়াও সিনেমাতে দেখা যাবে নিয়া লং, লরা হ্যারিয়ার, জুলিয়ানো ক্রু ভালদি, মাইলস টেলার এবং কোলম্যান ডোমিঙ্গোর মতো অভিনয়শিল্পীদের।
২০০৯ সালের ২৫ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অতিরিক্ত প্রোপোফল ও বেনজোডিয়াজেপাইনের প্রভাবে হৃদযন্ত্র বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। দীর্ঘ অপেক্ষার পর তাঁর জীবনকাহিনী নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ আগামী ২০২৬ সালের ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ