প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ২:৫৪ পিএম

সংগৃহীত ছবি
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতি যখন অনিশ্চয়তার মধ্যে ছিল, তখন সিপাহি ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলন জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে দেশপ্রেম ও সংহতির এক দৃষ্টান্ত স্থাপন করে। সেই আন্দোলনের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়।
দেশের ক্রান্তিকালীন সেই সময়ে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন এবং উন্নয়ন ও উৎপাদনভিত্তিক নতুন রাজনৈতিক ধারা সূচনা করেন।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১০টায় দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।
এ সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে। পুরো এলাকা স্লোগান ও দেশপ্রেমের আবহে মুখরিত হয়ে ওঠে।