প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ২:২৮ পিএম

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কোনো কিছু থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের যে পথে আমরা রয়েছি, সেটি বাস্তবায়ন হবে। সনদের আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। সনদে কোনো ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাওয়া হবে।”
তিনি আরও বলেন, “বিগত ১৬ বছর দলীয় পরিচয়ের ভিত্তিতেই শিক্ষকদের পদোন্নতি দেওয়া হতো। ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে এখনো রয়ে গেছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।”
শিক্ষা খাতে সংস্কারের গুরুত্ব তুলে ধরে এনসিপি আহ্বায়ক বলেন, “বেকারত্ব দূর করতে হলে আগে শিক্ষা খাতকে ঢেলে সাজাতে হবে। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন না আনলে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন সম্ভব নয়।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন, “সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তবে তারা ব্যর্থ হলেও আমরা লড়াই চালিয়ে যাব।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে