প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১০:২৯ AM

সংগৃহীত ছবি
আজ শুক্রবার (৭ নভেম্বর), ১৬ জুমাদাল উলা; মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি ও খুতবা দেবেন দুই বিশিষ্ট ইসলামিক স্কলার। মসজিদ কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
মসজিদে হারাম:
মক্কার মসজিদে হারামে আজ জুমার নামাজ পড়াবেন শায়খ আব্দুল্লাহ আওয়াদ আল জুহানী। তিনি ১৯৭৬ সালের ১৩ জানুয়ারি মদিনায় জন্মগ্রহণ করেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের কোরআন অনুষদ থেকে স্নাতক এবং মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছেন। ২০০৭ সালে মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন এবং ২০০৮ সাল থেকে সেখানে তারাবিহ নামাজের ইমামতি করছেন। তার সুললিত কোরআন তেলাওয়াত বিশ্বব্যাপী পরিচিত।
মসজিদে নববি:
মদিনার মসজিদে নববিতে আজ নামাজ পড়াবেন শায়খ কারি আব্দুল মুহসিন ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আল কাসিম। তিনি ১৯৬৭ সালে মক্কায় জন্মগ্রহণ করেন। মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবের পাশাপাশি তিনি মদিনার শরিয়া আদালতের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন। শায়খ আল কাসিম ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং ১৯৮৯ সালে তুলনামূলক ফিকহে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ১৯৯২ সালে ইসলামি ফিকহে পিএইচডি অর্জন করেন। তার সুললিত কোরআন তেলাওয়াতের জন্য তিনি অত্যন্ত জনপ্রিয় এবং সৌদি আরবের আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বও পালন করেছেন।
সূত্র: ইনসাইড দ্য হারামাইন