| শিরোনাম: |

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে চুরির সময় হাতেনাতে আটক হয়েছেন দায়িত্বে থাকা এক আনসার সদস্য। আটক ওই সদস্যের নাম জেনারুল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে বের হওয়ার সময় তাকে আটক করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা।
তল্লাশির সময় জেনারুলের বুট জুতা, প্যান্ট ও শার্টের ভেতর লুকিয়ে রাখা অন্তত ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক নিরাপত্তাকর্মী জানান, অভিযুক্ত আনসার সদস্য আমদানি কার্গো কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বিকেলে গেট দিয়ে বের হওয়ার সময় তার চলাফেরায় অস্বাভাবিকতা দেখা দিলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দেখা যায়, তার পোশাকের বিভিন্ন স্থানে চোরাই মোবাইল ফোন লুকিয়ে রাখা হয়েছে।
ধারণা করা হচ্ছে, বাইরে তার সহযোগীরা অপেক্ষা করছিলেন। তিনি মোবাইল ফোনগুলো হস্তান্তর করে আবার দায়িত্বে ফেরার পরিকল্পনা করেছিলেন।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আটক আনসার সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কার্গো টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ