প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৯:১১ পিএম

প্রতীকী ছবি
বসতবাড়ীতে ডাকাতি ও চাঁদাবাজির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সমোর কুমার দাস (৭৫) কে রড ও হাতুরী দিয়ে পিটিয়ে আহত করেছে চিহ্নিত স্থানীয় সন্ত্রাসীরা।
গত বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষক কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ধীন রয়েছে।
এর আগে গত শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ওই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সমোর কুমার দাসের বাড়িতে চার জন অস্ত্রধারী ডাকাত মুখোশ পরে প্রবেশ করে। বাড়ির সবাইকে জিম্মি করে ঘরের ভেতর প্রবেশ করে। এসময় ওই শিক্ষককের স্ত্রী ও ছেলে বাধা দিতে গেলে তাদের মারপিট করে। পরে মেয়ের বিয়ে উপলক্ষে ঘরে রাখা এক লক্ষ টাকা ও মেয়ের ব্যবহারের একটি মোবাইল ফোন ও নিয়ে যায় ডাকাত দল। ঘটনার দুইদিন পর ওই শিক্ষক পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। দুই দিন পরে পুলিশ অভিযান চালিয়ে পাট্টা ইউনিয়নের জাগির কয়া গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ ফরহাদ হোসেন সোহাগ (৩০) ও একই ইউনিয়নের জোনা গ্রামের অমরেন্দ্রনাথ বালার ছেলে অসিম বালা ওরফে অসিত (২০) কে গ্রেফতার করে।
বুধবার দুপুর ২ টার দিকে একদল অস্ত্রধারী স্থানীয় সন্ত্রাসীরা শিক্ষক সমোর কুমার দাসের বাড়ির সামনে থেকে হাতুড়ি ও রড় দিয়ে বেধড়ক মারপিট করে রাস্তায় ফেলে যায়।এসময় ওই সন্ত্রাসীরা অভিযোগ তুলে নিতে হুমকি দিয়ে যায়। এর আগে বেলা সাড়ে ১২ টার দিকে পাট্টা বাজারের ব্যবসায়ী বিপ্লব রায় কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে একদল চিহ্নিত স্থানীয় সন্ত্রাসীরা।এসময় তার ব্যবসা প্রতিষ্ঠান ও ভাংচুর করে।
পুলিশ পাট্রা জোনা উচ্চ বিদ্যালয়ের কাছে পৌছালে অস্ত্রধারী স্থানীয় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আকুল মন্ডল (৫৫) নামে এক স্থানীয় ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এছাড়াও এস আই (নিঃ) মো. নজরুল ইসলাম সহ এক কনস্টেবল আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আলম শেখ নামের একজনকে গ্রেপ্তার করে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, বর্তমানে ওই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত কাল ওই এলাকায় অভিযান চালাতে গিয়ে দুই পুলিশ আহত হয়েছে। তারা এখন সুস্থ।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ