প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭:৫৯ পিএম

জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানিয়েছে, কখনোই এই নম্বর থেকে কোনো ব্যক্তির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন বা ব্যাংকের ডেবিট/ক্রেডিট কার্ডের পিন জানতে চাওয়ার কোনো সুযোগ নেই। ৯৯৯ নাগরিকদের জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স সেবা প্রদান করে থাকে।
আজ বুধবার (৫ নভেম্বর) বিকেলে ৯৯৯-এর প্রধান ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ৯৯৯ নম্বর ক্লোন করে বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন চাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে দুটি ঘটনার উদাহরণ দেওয়া হয়েছে। সকালে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আরপুর বাগানপাড়া এলাকায় এক ব্যক্তিকে প্রতারকচক্র ৯৯৯ নম্বর ক্লোন করে ‘নগদ’ অ্যাকাউন্টের তথ্য জানতে চায়। ভুক্তভোগী বিষয়টি ৯৯৯-এ জানান। ৯৯৯-এর মাধ্যমে তাকে কাশিয়াডাঙ্গা থানার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
আরেক ঘটনায়, একজনকে ৯৯৯ নম্বর ক্লোন করে তার বিরুদ্ধে মামলা হওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করা হয় এবং বিকাশ অ্যাকাউন্টের তথ্য জানতে চাওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সতর্ক করেছেন, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বা ব্যাংকের কার্ডের পিন কোনো অবস্থাতেই কারও সঙ্গে শেয়ার করা যাবে না। প্রতারকচক্রের বিষয়ে সংশ্লিষ্ট থানা বা ৯৯৯ নম্বরে অবিলম্বে জানানোর আহ্বান জানানো হয়েছে।