
সুন্দরবনের দুবলারচরে বঙ্গোপসাগর তীরে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা এবং জনগণের জান-মাল রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও সুন্দরবনসংলগ্ন দুবলারচরে অনুষ্ঠিত প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”
তিনি জানান, উৎসব চলাকালে বন্যপ্রাণী শিকার প্রতিরোধে বন বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের জাহাজ, স্টেশন ও আউটপোস্টসমূহ মোতায়েন রয়েছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টহল পরিচালনা করছে কোস্ট গার্ড, পাশাপাশি ডুবুরি দল ও উদ্ধারকর্মীরা প্রস্তুত আছে জরুরি পরিস্থিতিতে সহায়তা দেওয়ার জন্য।
সিয়াম-উল-হক আরও জানান, চলতি বছর সুন্দরবনে ডাকাতবিরোধী ও বন্যপ্রাণী সংরক্ষণ অভিযানের মাধ্যমে ২৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৬৩টি দেশীয় অস্ত্র, বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম, ৩৬৬ রাউন্ড গুলি এবং জিম্মি থাকা ৬ জন নারীসহ ৪৮ জন জেলে উদ্ধার করা হয়েছে। এ অভিযানে ৪২ জন ডাকাতকে আটক করা হয়।
এ ছাড়া ৭২০ কেজি হরিণের মাংস, চামড়া, মাথা ও পা এবং ৪০০টি হরিণের ফাঁদসহ ২৪ জন হরিণ শিকারিকেও আটক করা হয়েছে বলে জানান তিনি।
কোস্ট গার্ড কর্মকর্তা তীর্থযাত্রী ও দর্শনার্থীদের উদ্দেশে বলেন, “রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ করছি।”
তিনি আশা প্রকাশ করেন, “কোস্ট গার্ড ও আইন প্রয়োগকারী সংস্থার সার্বিক সহযোগিতায় এবারের রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে