প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম আপডেট: ০৪.১১.২০২৫ ৮:০৬ PM

মোল্লাহাটে প্রবেশপথের সড়কের বেহাল দশা, দুর্ভোগে সাধারণ মানুষ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার প্রবেশদ্বার মিলু মিয়ার মোড় থেকে মোল্লাহাট বাজার পর্যন্ত সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা-পানিতে একাকার হয়ে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতা।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রতিদিন শত শত মানুষ ব্যবহার করে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তার বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, ঘটছে দুর্ঘটনাও।
স্থানীয় ব্যবসায়ী মাহবুব হোসেন বলেন, “রাস্তার এমন বেহাল অবস্থার কারণে ব্যবসা-বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়েছে। প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েও কোনো প্রতিকার মিলছে না।”
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে এ সড়কের সংস্কারকাজ শুরু না হলে দুর্ভোগ আরও বাড়বে। তারা দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।