প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:১১ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দেয়, তাহলে কী ব্যবস্থা নেওয়া হবে—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“আমরা ইতোমধ্যে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করেছি। কোনো কর্মকর্তা বা সদস্যের দায়িত্বে অবহেলা বা পক্ষপাতিত্ব ধরা পড়লে, তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন,“আগে এ ধরনের অভিযোগ পেলে শুধু জিডি করে রাখা হতো। কিন্তু এবার আর তা নয়—অভিযোগ প্রমাণিত হলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
“নির্বাচন হতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। পুলিশের কেউ যদি অনৈতিক বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত হয় তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে,” যোগ করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ