| শিরোনাম: |

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা ঘোষণা করেন।
তালিকা চূড়ান্ত করার জন্য দুপুর সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন। সাড়ে তিন ঘণ্টার বৈঠকের পর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব।
বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে লড়বেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পেয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১, মির্জা আব্বাস ঢাকা-৮, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, আবদুল মঈন খান নরসিংদী-২, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সালাহ উদ্দিন আহমদ কক্সবাজার-১, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২, হাফিজ উদ্দিন আহমেদ ভোলা-৩ এবং এজেডএম জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসনে মনোনয়ন পেয়েছেন।
ভাইস চেয়ারম্যানদের মধ্যে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন:
পটুয়াখালী-১: আলতাফ হোসেন চৌধুরী, নোয়াখালী-৩: বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪: মোহাম্মদ শাহজাহান, ফেনী-৩: আবদুল আউয়াল মিন্টু, মাগুরা-২: নিতাই রায় চৌধুরী, কুমিল্লা-৩: কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, টাঙ্গাইল-৮: আহমেদ আজম খান।
চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্যদের মধ্যে মনিরুর হক চৌধুরী কুমিল্লা-৬, আমান উল্লাহ আমান ঢাকা-২, মাহবুব উদ্দিন খোকন নোয়াখালী-১, জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-৪, জহির উদ্দিন স্বপন বরিশাল-১, মজিবুর রহমান সারোয়ার বরিশাল-৫, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪, তাজভীর উল ইসলাম কুড়িগ্রাম-৩, হাবিবুর রহমান হাবিব পাবনা-৪, মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া-৪, আফরোজা খান রিতা মানিকগঞ্জ-৩, মঈনুল ইসলাম খান মানিকগঞ্জ-২, খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট-১, তাহমিনা রশদীর লুনা সিলেট-২, আবুল খায়ের ভুঁইয়া লক্ষ্মীপুর-২, এনামুল হক চৌধুরী সিলেট-৬, আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল-২, জয়নাল আবেদীন ভিপি জয়নাল ফেনী-২ এবং নাসের রহমান মৌলভীবাজার-৩।
যুগ্ম মহাসচিবদের মধ্যে রয়েছেন: নরসিংদী-১: খায়রুল কবির খোকন, লক্ষ্মীপুর-২: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ময়মনসিংহ-১: সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিএনপি মহাসচিব বলেন, “এ তালিকা সম্ভাব্য প্রার্থীর। যেসব আসনে যুগপৎ আন্দোলনের অংশীদাররা প্রার্থী পাঠাবে, সেগুলো সমন্বয় করে চূড়ান্ত করা হবে। প্রয়োজন পড়লে আসন পরিবর্তনও হতে পারে।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ এবং এজেডএম জাহিদ হোসেনসহ সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ