| শিরোনাম: |

চলতি বছরে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো আরও শক্তিশালীভাবে পুনর্গঠন করা হবে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
রোববার (২ নভেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, “আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দমিয়ে রাখা যাবে না। আমরা সেগুলো আরও শক্তিশালী করে পুনর্নির্মাণ করব।”
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (আইএইও) পরিদর্শনের সময় উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি দেশের প্রযুক্তিগত অগ্রগতি ও বেসামরিক প্রয়োজনে অবিচ্ছেদ্য অংশ।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান যদি জুন মাসে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাবে।
গত জুনে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এগুলো ছিল পারমাণবিক অস্ত্র তৈরির অংশ। তবে তেহরান বরাবরই বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।
স্বদেশ প্রতিদিন/ আরএফ