প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬২ জন রোগী।
আজ রবিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৬১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, খুলনা বিভাগে ১৫৪ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৮৭ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৯৮ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৮ জন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর এর তথ্যমতে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭১ হাজার ৬৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮৩ জনের।
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।
এর আগে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।