প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৬:৫৩ পিএম

সংগৃহীত ছবি
চলন্ত বাসে পোশাক নিয়ে এক নারীকে হেনস্তার অভিযোগে হেলপারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাব-৪ এর একটি দল নিজামুদ্দিন (৪৫) নামের হেলপারকে গ্রেপ্তার করে। তিনি রমজান পরিবহনের বাসের হেলপার। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভিডিওতে নিজামউদ্দিনকে দেখা গেছে এক নারীকে মারতে।'
এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, গ্রেপ্তার নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
২৯ অক্টোবর সিদরাতুল মুনতাহা রহমান নামে এক নারীকে হেনস্তার ঘটনাটি ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন।
ভুক্তভোগী সিদরাতুল মুনতাহা রহমান আজ ফেসবুকে একটি ভিডিওবার্তার মাধ্যমে নিজের পরিচয় প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি ভিডিওটি করছি যাতে আমার সঙ্গে যদি কিছু ঘটে, সবাই তা জানতে পারে।’ এ ঘটনায় প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল এবং তিনি তাদের সঙ্গে কথা বলেছেন।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ