প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৪:৪০ পিএম

ফাইল ছবি
বহুল আলোচিত ‘জয় বাংলা ব্রিগেড’ সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে সিআইডি দুটি জাতীয় দৈনিক— আমার দেশ ও দ্য ডেইলি স্টার-এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সিআইডি রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করে। তদন্তে উঠে আসে, ‘জয় বাংলা ব্রিগেড’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশি-বিদেশি কয়েকজন ব্যক্তি বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনা করছিলেন।
দ্রুততম সময়ের মধ্যে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত শেষ করে সিআইডি শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সংগ্রহ এবং ফরেনসিক বিশ্লেষণ করা হয়।
এর পর গত ৩০ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১৭ নম্বর আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামিসহ ২৬১ জনকে অনুপস্থিতিতে পলাতক ঘোষণা করে তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। আদালতের ওই নির্দেশের ভিত্তিতেই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়।
সিআইডির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলাটি এখন আদালতে পরবর্তী কার্যক্রমের জন্য সম্পূর্ণ প্রস্তুত। পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অন্তর্বর্তী সরকারের বিচার এজেন্ডা বাস্তবায়নে সিআইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
স্বদেশ প্রতিদিন/এনআর