প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৪:১০ পিএম

তেঁতুলিয়ায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত ২৪ ঘন্টায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে এ বৃষ্টিপাত ঘূর্ণিঝড় মস্থার প্রভাব বলে জানা গেছে। বৃষ্টির সাথে ঝিরিঝিরি বাতাসে অনুভূত হচ্ছে শীতের শিহরন। এ বৃষ্টিতে শীত নামার কথা মনে করছেন এ অঞ্চলের জনসাধারণ মানুষ।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে বৃষ্টিপাতের রেকর্ডের তথ্যটি জানিয়েছে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষনাগার কার্যালয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মস্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার কারণে গত ২৮ অক্টোবর মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। যার কারণে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচদিন বজ্রসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় মস্থার প্রভাবে উত্তরাঞ্চলের পঞ্চগড়ে বৃষ্টিপাত হচ্ছে বলে জানা গেছে।
রাত থেকেই ঝরছে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির সাথে শীত অনুভূত হচ্ছে। দুপুর হয়ে আসলে বর্ষাকালের মতো বৃষ্টিপাতের কারণে ঘর থেকে বের হতে পারছেন না অনেকেই। কার্তিকের বৃষ্টিতে ঘরবন্দি হয়ে পড়েছেন তারা। বিভিন্ন দিন মজুরী শ্রমিকরা পড়েছেন বিপাকে। কাজে যেতে না পারায় বাড়িতে বসে অলস সময় কাটছে এ অঞ্চলের দিনমজুর থেকে নানান পেশাজীবি মানুষদের।
আবহাওয়া পর্যবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ জানান, গত ২৪ ঘন্টায় রেকর্ড হয়েছে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ। বৃষ্টিপাতের সাথে সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। আগামী দুই থেকে তিনদিন উত্তরাঞ্চলের ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি সেরে গেলেই শীতের ভরপুর অনুভূতি আশঙ্কা করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ