প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৩:২৩ AM

ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে এসে গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদ (৭৫) গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ভালুকা মডেল থানা ভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, বিগত আ. লীগ সরকারের আমলে গঠিত গণজাগরণ মঞ্চের সম্মুখ সারির নেতা ছিলেন আবুল কালাম। আন্দোলন চলাকালে তিনি শাহবাগে গণজাগরণ মঞ্চের পক্ষে দাঁড়িয়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে বক্তব্য দেন।
ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান বলেন, ‘আমাদের নেতারা নির্দোষ ছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা আন্দোলন করে সাজানো ট্রাইব্যুনাল গঠন করে শহীদ করা হয়েছে। ওই দোসরকে পুলিশ গ্রেফতার করেছে।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আবুল কালাম আজাদ আওয়ামী লীগেরও কর্মী। তাকে ২০১৮ সালে উপজেলার বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ এমএস