প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১২:৩৬ AM

নরসিংদীর রায়পুরায় বিলাসবহুল গাড়িতে ৪৬ কেজি গাঁজা বহনের সময় এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক মোবারক হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির নাম ইবাদুল ইসলাম (৪৮)। তিনি গোপালগঞ্জ জেলার সিলনা গ্রামের আজহার আলী মোল্লার ছেলে। তার কাছ থেকে ৪৬ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল কালো জিপ গাড়ি জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে জেলা গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি দল রায়পুরা উপজেলার মাহমুদাবাদ ব্রিজের নিকটে (ঢাকা-সিলেট মহাসড়কে) অবস্থান নেয়।
এসময় সন্দেহভাজন একটি কালো জিপ গাড়ি থামিয়ে তল্লাশি চালালে, গাড়ির ভেতরে কৌশলে লুকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় গাড়ির চালক ও মাদক বহনকারী ইবাদুল ইসলামকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/ এমএস