| শিরোনাম: |

বিএনপির ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, “বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার একদিন হবেই। শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের আইনের আওতায় আনা হবে।”
বুধবার (২৯ অক্টোবর) চুয়াডাঙ্গা শহর, হাতিকাটা ও আলোকদিয়া এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
গণসংযোগে অংশ নিয়ে দুদু আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আগামী দিনের বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় ভরসা।”
বৈরী আবহাওয়া উপেক্ষা করে গণসংযোগে অংশ নেওয়া নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শামসুজ্জামান দুদু।
এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা ও স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।