প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১:৫১ AM আপডেট: ৩০.১০.২০২৫ ১১:৩০ এএম

প্রতীকী ছবি
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সিদ্ধান্ত নিয়েছে, কোনো জাতীয় পরিচয় পত্র (এনআইডি) দিয়ে ১০টির বেশি সিম রেজিস্ট্রেশন থাকলে অতিরিক্ত সিমগুলো বন্ধ করা হবে। আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এই অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করা হবে।
সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিজ্ঞপ্তিতে জানা যায়, একজন ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ১০টি সিম রেজিস্ট্রেশন থাকতে পারে।
এর অতিরিক্ত সিম থাকলে সেসব বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এতে জানানো হয়, গ্রাহকরা নিজেদের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা পছন্দমতো ১০টি সিম রাখতে পারবেন। এর অতিরিক্ত সিম থাকলে সেসব নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। নির্ধারিত সময় শেষে কমিশন দৈবচয়নের মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।
কোনো এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে, যেকোনো মোবাইল অপারেটর (গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক) থেকে *১৬০০১# ডায়াল করতে হবে। এরপর ফিরতি মেসেজে জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা পাঠানোর জন্য বলা হবে। সেই সংখ্যা পাঠানোর পর এসএমএসের মাধ্যমে জানানো হবে, ওই এনআইডিতে মোট কতটি সিম নিবন্ধিত এবং কোন কোন অপারেটরের সিম রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ