প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:৪৯ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশাল শিরি ইউনিয়নের নতুনহাট এলাকা থেকে একটি বিপন্নপ্রায় বনরুই উদ্ধার করেছে বনবিভাগ।
সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা বনরুইটিকে দেখতে পান। পরে তারা বিষয়টি পঞ্চগড় বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকর্মী শহীদুল ইসলামকে জানান।
শহীদুল ইসলাম বলেন, “বনরুইটি কিছুটা অসুস্থ ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।”
এরপর বনবিভাগের কর্মকর্তারা প্রাণীটিকে দেবীগঞ্জ ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসেন।
দেবীগঞ্জ ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা জানান, “স্থানীয়রা বনরুইটি দেখতে পেয়ে নিরাপদে রাখেন। পরে বন্যপ্রাণী স্বেচ্ছাসেবক দলের সহায়তায় প্রাণীটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করা হয়। এটি মহাবিপন্ন প্রজাতির একটি প্রাণী। ইতিমধ্যে এটিকে আগারগাঁওয়ের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে, সেখানে এর চিকিৎসা ও পর্যবেক্ষণ করা হবে।”
স্বদেশ প্রতিদিন/এমএস