প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:০৪ পিএম

নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ
ফরিদপুর পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধিত)” প্রকল্পের আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ঢাকা পাট অধিদপ্তরের উপসচিব, উপপরিচালক ও উপপ্রকল্প পরিচালক সৈয়দ ফারুক আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন ফরিদপুর পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মজিবর রহমান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনোয়ার হোসেন এবং পাট অধিদপ্তরের সহকারী পরিচালক ওমর ফারুক তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফুল আমিন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রযুক্তির ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও পাটবীজ উৎপাদনের কৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও পাটচাষ, পাটবীজ সংরক্ষণ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক দিকনির্দেশনা প্রদান করা হয়।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাটচাষী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে পাটজাত ব্যাগ বিতরণ করা হয়।