প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১:৫৪ AM

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশের রাজনীতিতে কোনো ‘পোষা’ দল হিসেবে আসেনি বলে মন্তব্য করেছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের রাজনীতিতে ৪৬তম রাজনৈতিক দল হিসেবে নয়, বরং জনগণের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে এসেছে। আমরা সরকারে থাকি বা শক্তিশালী বিরোধী দলে দুটোর যেকোনো ভূমিকাতেই জনগণের পক্ষে থাকব। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হতে আমরা আসিনি।”
রবিবার (২৬ অক্টোবর) রাতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “২৪-এর অভ্যুত্থানের পর আমাদের অনেক প্রত্যাশা পূরণ হয়নি। এক বছরে যতটুকু পরিবর্তন হওয়ার কথা ছিল, তা হয়নি। তবে আমরা বুঝেছি, ৫৪ বছরের ক্ষত এক বছরে সারানো সম্ভব নয়। এই সমস্যা কেবল ব্যক্তি শেখ হাসিনা বা কিছু তোষামোদকারীর মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের প্রতিটি স্তরে এর প্রভাব রয়েছে। সুযোগ পেলে অনেকে ক্ষমতার অপব্যবহার করে।”
তিনি আরও বলেন, “আমাদের ধীরে ধীরে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে লড়াই করে এই অবস্থা থেকে বের হতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি বা জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। সেখানে এনসিপি হবে অপরিহার্য শক্তি।”
সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) সাইফুল হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল আল ফয়সাল, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয় এবং সেন্ট্রাল ডায়াস্পোরা অ্যালায়েন্সের সদস্য সাইফ ইবনে সারোয়ার প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে