প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৩:০০ পিএম

র্যাবের পোশাক পরে মুরগি বোঝাই কাভার্ডভ্যান ডাকাতি, গ্রেফতার ২
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে র্যাব পরিচয়ে মুরগি বোঝাই কাভার্ডভ্যান ডাকাতির সঙ্গে জড়িত দুই আসামিকে কাভার্ডভ্যানসহ গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (২৫ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার মৃত চাঁদ মিয়ার ছেলে মো. জুয়েল ওরফে সানি (৪০) এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের নওহাটার ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।
পুলিশ জানায়, আসামিরা গত মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় র্যাবের পোশাক পরে ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ থেকে ফরিদপুরগামী সোনালি মুরগি বোঝাই কাভার্ডভ্যান থামায়। পরে আসামিরা কাভার্ডভ্যানের চালক ও সহযোগীদের মুখ বেঁধে ফেলে। এরপর তাদের নিজস্ব মাইক্রোবাসে তুলে পাংশা আজিজ সরদার মোড় থেকে কুষ্টিয়ার দিকে নিয়ে যায়। তবে মুরগি বোঝাই কাভার্ডভ্যানটি ফরিদপুর হয়ে বরিশালের দিকে চলে যায়। ভোর রাতে আসামিরা কাভার্ডভ্যানের চালক ও সহযোগীদের কুষ্টিয়ার ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায়।
কাভার্ডভ্যানের মালিক পরদিন এ ঘটনায় পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী বাজার থেকে মো. জুয়েল ওরফে সানিকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ থেকে লিমন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে লিমনের দেওয়া তথ্যানুযায়ী ডাকাতির শিকার কাভার্ডভ্যানটি বরিশালের রুপাতলি এলাকা থেকে উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, গ্রেফতার হওয়া মো. জুয়েল ওরফে সানি ও লিমন মিয়ার বিরুদ্ধে দুইটি করে ডাকাতিসহ মোট চারটি মামলা রয়েছে। তারা পেশাদার ডাকাত। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।