প্রকাশ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১১:২২ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে অথবা শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে। তবে জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবে না এনসিপি।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সারজিস আলম জানান, ‘দু-এক দিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। নভেম্বরের মধ্যে জেলা আহ্বায়ক কমিটিও গঠন করা হবে। এসব কমিটি কোনো অফিস রুমে বসে নয়, সংশ্লিষ্ট এলাকার সভার মাধ্যমে গঠন করতে হবে।’
তিনি বলেন, ‘নভেম্বরের মধ্যে সাংগঠনিক কাঠামো সম্পন্ন করতে পারলে আগামী নির্বাচনে শক্তিশালী দুই দলের একটি হবে এনসিপি। সঠিকভাবে কাজ এগিয়ে নিতে পারলে দুই বছরের মধ্যেই এনসিপি হবে দেশের সবচেয়ে প্রভাবশালী দল।’
নেতাদের যোগ্যতা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, ‘জেলা ও থানা কমিটির আহ্বায়কের বয়স হতে হবে ৪০ বছরের বেশি, আর সদস্য সচিবের ন্যূনতম বয়স ৩৫ বছর।’
সারজিস আলম আরও জানান, ‘আওয়ামী লীগের পদধারী কিংবা জুলাই সনদের বিরোধীরা আহ্বায়ক কমিটিতে থাকতে পারবে না। খারাপ ইমেজ বা পদের অপব্যবহারকারী কাউকেও দলে নেওয়া হবে না। প্রয়োজনে তাদের বিষয়ে ফ্যাক্টচেক করতে হবে। তবে অন্য দলের সৎ ও ক্লিন ইমেজধারীদের এনসিপিতে যোগ দেওয়ার সুযোগ থাকবে—তবে তারা আগের দলের আদর্শ বহন করতে পারবেন না।’
স্বদেশ প্রতিদিন/ আরএফ