প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:৩১ AM আপডেট: ২৩.১০.২০২৫ ৮:৪৫ এএম

সংগৃহীত ছবি
জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে ঘিরে সম্প্রতি দাম্পত্য জীবনে ফাটলের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করেন, তারা নাকি আলাদা হয়ে গেছেন। তবে এবার নিজেই সেই গুঞ্জনের ইতি টানলেন পূর্ণিমা।
বুধবার বিকেলে নিজের ফেসবুক এ একটি ছবি পোস্ট করেন পূর্ণিমা। ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় স্বামী আশফাকুর রহমান রবিনের হাত ধরে বসে আছেন।
মূলত এই ছবি স্পষ্ট করে, যে খবর ছড়িয়েছে তা একেবারে মিথ্যা, দুজনে একসঙ্গেই রয়েছেন।
এর আগে পূর্ণিমা একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি বলার চেষ্টা করেছিলেন কিছু মানুষের কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। তিনি বলেছিলেন, মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই- তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। প্রয়োজনে তারা বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।
ওই পোস্টে তিনি আরো বলেন, এদের থেকে দূরে থাকাই শ্রেয়, কারণ মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।
কাজের সূত্রে পূর্ণিমার সঙ্গে পরিচয় হয় রবিনের। তিন বছরের পরিচয় বন্ধুত্বে রূপ নেয়, এরপর অনুভূতির বিনিময়, এবং শেষ পর্যন্ত বিয়ে। এটি পূর্ণিমার আশফাকুর রহমানের সঙ্গে দ্বিতীয় বিয়ে।
পূর্বে, ২০০৭ সালের ৪ নভেম্বর তিনি আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন।
স্বদেশ প্রতিদিন/নিয়াজ