প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:৪৯ পিএম আপডেট: ২১.১০.২০২৫ ১০:১৭ PM

সংগৃহীত ছবি
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অর্থবহ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করে তোলার জন্য অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এ কথা বলেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যগণ জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন চিহ্নিত ফ্যাসিস্টদের সরিয়ে দিতে হবে। পুলিশের নিয়োগের বা পদোন্নতিতে নিরপেক্ষ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তারা।
এছাড়াও এ সময়ে বিচার বিভাগের ফ্যাসিস্টদের সরিয়ে নিরপেক্ষ লোকদের বসানোর অনুরোধ জানিয়েছেন তারা।
তিনি আরও বলেন, সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার জন্য সরকারে দলীয় লোক থাকলে তাদেরও সরিয়ে দেয়ার অনুরোধ করেছে বিএনপি।
স্বদেশ প্রতিদিন/এমএএম