প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬:০৮ পিএম আপডেট: ২১.১০.২০২৫ ৬:১৫ PM

রাজবাড়ীর পাংশায় র্যাবের পোশাক পড়ে মুরগিবোঝাই কাভার্ডভ্যান ডাকাতির অভিযোগ উঠেছে। তবে চালক ও সহযোগীদের মুখবেঁধে ফেলে গেছে ডাকাত দল।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৩টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
কাভার্ডভ্যানের মালিকের ভাই জিসান বলেন, সোনালি মুরগিভর্তি একটি কাভার্ডভ্যান ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জ উপজেলা থেকে কুষ্টিয়া হয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। গাড়িতে চালক সবুজ ও তার দুইজন সহযোগী রাকিব ও নাঈম ছিল। গাড়িটি পাংশার মৈশালা পৌছালে আমাদের গাড়ি সিগন্যাল দেয় র্যাবের পোশাক পরা ১৪ জন ব্যক্তি। সিগন্যাল মান্য করে আমাদের চালক গাড়ি থামিয়ে দেয়। এরপর তাদের জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে ডাকাত দলের সদস্যরা। তাদের জিম্মি করে মুরগিভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। গাড়িসহ ৫ লাখ ১০ হাজার টাকার মুরগি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ফরিদপুর র্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা অংশে একটি ডাকাতির ঘটনা আমরা শুনেছি। আমাদের টিমের সদস্যরা সেখানে কাজ করছেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, এমন ঘটনা আমার জানা নেই, আমি ছুটিতে আছি।
স্বদেশ প্রতিদিন/এমএস