প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৪:২৭ পিএম আপডেট: ২১.১০.২০২৫ ৪:৫৭ PM

হাতিয়ায় প্রায় ২ টন ইলিশ জব্দ, ৪৬ জেলে আটক
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নোয়াখালীর হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ। এ সময় পাঁচটি ট্রলারে থাকা ৪৬ জন জেলেকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে প্রায় ২ টন ইলিশ জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।
অভিযান সূত্রে জানা যায়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বঙ্গোপসাগরের ভাসানচর এলাকা ও আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তাসহ একটি দল অংশ নেয় এবং নৌপুলিশের একটি দলও সহযোগিতা করে।
সূত্রে আরও জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের কমলনগর থেকে আসা ওই পাঁচটি ট্রলারের জেলেরা ভাসানচর অঞ্চলে মাছ ধরছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাছ ধরার অবস্থায় পাঁচটি ট্রলারসহ ৪৬ জন জেলেকে আটক করা হয় এবং তাদের ট্রলারগুলো থেকে প্রায় ২ টন ইলিশ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। পরে আটককৃত জেলেদের মধ্যে ৪১ জনকে প্রতি জনকে ২ হাজার টাকা করে মোট ৮২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং ৫ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে।
মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে এবং নিষেধাজ্ঞা বাস্তবায়ন নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।