প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫:৩৫ AM আপডেট: ২১.১০.২০২৫ ৫:৪২ এএম

সামান্তা শারমিন । ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জামায়াত কোনো গণমানুষের দল নয়। তার মতে, জামায়াত ও আওয়ামী লীগ মূলত একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জামায়াত যদি মনে করে ক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তাহলে তারা ভুল করছে। অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে জামায়াতকে ব্যবহার করেছে, আর এবার জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে। ফলে জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে এবং বিদেশে কিছু মহল তখন দেখাতে চাইবে- দেশ ইসলামপন্থীদের হাতে চলে যাচ্ছে। এতে আওয়ামী লীগ আবার নিজের রাজনৈতিক প্রাসঙ্গিকতা ফিরে পাবে।
সামান্তা শারমিন অভিযোগ করেন, সিভিল সোসাইটির একটি অংশ এখনো আওয়ামী লীগের পক্ষে অবস্থান করছে। অন্যদিকে জামায়াত আওয়ামী লীগের ভোটারদের আকৃষ্ট করতে সচেষ্ট।
তিনি বলেন, জামায়াত ও আওয়ামী লীগের সঙ্গে এনসিপির রাজনৈতিক চিন্তা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ আলাদা। তাই আমরা এই পুরোনো রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সমঝোতা করতে বাধ্য নই। আমরা হয় নিজস্ব জোট গঠন করব, নয়তো আসন্ন নির্বাচনে নিজেদের শক্তি যাচাই করব।
স্বদেশ প্রতিদিন/শাহো