প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১২:৪১ পিএম

ফাইল ছবি
বিশ্বব্যাপী কঠোর ভিসা নীতির প্রভাবে দ্রুতই গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। সম্প্রতি প্রকাশিত হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৫ সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে ১০৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম—যা বর্তমানে বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট হিসেবে বিবেচিত।
অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও উন্নত ও উন্নয়নশীল অনেক দেশ এখন বাংলাদেশিদের ভিসা দিতে অনাগ্রহী। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, ভিসার অপব্যবহার, অবৈধ অভিবাসন ও বিদেশে কিছু নাগরিকের অপরাধমূলক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
বিভিন্ন দেশের অভিযোগ, অনেক বাংলাদেশি পর্যটন ভিসা নিয়ে গিয়ে অবৈধভাবে কাজ করেন বা নির্ধারিত সময়ের পরও অবস্থান করেন। কেউ কেউ আবার ট্রানজিট রুট ব্যবহার করে তৃতীয় দেশে প্রবেশের চেষ্টা করেন। এসব কারণে অনেক দেশ এখন বাংলাদেশিদের প্রবেশে কঠোর হচ্ছে।
সাবেক কূটনীতিক মুন্সী ফয়েজ আহমদ বলেন, “বিদেশে কিছু নাগরিকের আচরণ ও অবৈধ কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের প্রতি আস্থা কমেছে। আগে যেসব দেশে ভিসা ছাড়াই যাওয়া যেত, এখন সেসব দেশেও ভিসা বাধ্যতামূলক। এমনকি ভিসা নিয়েও বাংলাদেশি যাত্রীদের অতিরিক্ত তল্লাশির মুখে পড়তে হচ্ছে।”
সূত্র: নিউ এজ
স্বদেশ প্রতিদিন/এনআর