প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১০:২৭ AM

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে, তবে সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
আজ রবিবার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা পুনর্নির্ধারণের এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে, গত ১৬ অক্টোবর অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানান, “বর্তমানে শিক্ষক সংগঠনগুলো শতাংশভিত্তিক বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলেছেন। সরকারের আর্থিক বাস্তবতা বিবেচনায় ৫ শতাংশ বৃদ্ধি (ন্যূনতম ২ হাজার টাকা) নিয়ে আলোচনা চলছে।”
অবশেষে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হলো।
স্বদেশ প্রতিদিন/এনআর